শোকের আবহে নতুন স্বপ্ন, স্বাগত ২০২৬

বাংলাদেশে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। ২০২৫ সালের শেষ সূর্যটি অস্তমিত হয়েছে একজন আপোষহীন দেশনেত্রীর চিরবিদায়ের করুণ রাগিণীর মধ্য দিয়ে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়, যেটি আর মানিক মিয়ায় সীমিত থাকেনি, ছড়িয়েছে তার আশপাশের প্রায় তিন কিলোমিটার জুড়ে, সেখানে শরিক হওয়া মানুষের বুকের গভীরের ভালোবাসার দীর্ঘশ্বাস নিয়ে বিদায় নিয়েছে খ্রিষ্টীয় ২০২৫ সাল।
নতুন বছর ২০২৬ সালের প্রথম দিনটিও রাষ্ট্রীয় শোকের অন্তর্গত। মহান নেত্রীর শোক ভারাক্রান্ত আবহ নিয়ে আজ পূর্ব দিগন্তে উদিত হচ্ছে ইংরেজি নতুন বছরের প্রথম সূর্য। শুভ নববর্ষ ২০২৬।
কাল ও জীবনের গতি থেমে থাকে না কখনো। সুখ-দুঃখ সঙ্গী করে এগিয়ে যাওয়াই তার অমোঘ নিয়তি। জীবনের এই অভিযাত্রায় আজ আরো একটি নতুন বছরে পা রাখছে বাংলাদেশ ও বিশ্বের মানুষ। তবে এই পথচলা নিছক সময়ের আবর্তন নয়, বরং দুই চোখ ভরা নতুন স্বপ্নের।
২০২৬ সালের ভোরের প্রথম আলো যখন দিগন্তে উঁকি দেবে, মনে হবে দীর্ঘ বিরহের পর এক পরম মমতার ছোঁয়া। নতুন পুনর্জন্ম। এক পবিত্র অঙ্গীকার- অদম্য সাহসে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছানোর নতুন যাত্রা।
নতুন বছরে এক বিরাট সম্ভাবনা আমাদের হাতছানি দিচ্ছে। বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের ভোট। প্রায় দেড় যুগের স্বৈরশাসন হটিয়ে এক বিশুদ্ধ গণতান্ত্রিক যাত্রায় পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে একটি ন্যায়, সাম্য আর সমৃদ্ধির বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে দেশের প্রতিটি মানুষ। তাই আজ বাংলাদেশের মানুষের কণ্ঠে একই সুর- সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পথচলায় নতুন ইতিহাস লেখার অঙ্গীকার।
ইতিহাসের সবচেয়ে বড় অংশগ্রহণমূলক আর উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মাধ্যমে সূচিত হবে বাংলাদেশের নতুন যাত্রা- এই কামনা হোক সবার।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































