ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ১৪:০০
অ- অ+

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও নিকোলা মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কারাকাসে অনুষ্ঠিত এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী ডেলসি রদ্রিগেজ শপথ নেন। তিনি ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শপথ গ্রহণের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

ডেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের মাত্র দুই ঘণ্টা আগে নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে নিকোলা মাদুরো বলেন, ‘আমি একজন সজ্জন ব্যক্তি। আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’ এ সময় তিনি নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ হিসেবে অভিহিত করেন। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংক্রান্ত চারটি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

শপথ গ্রহণের পর ডেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে আমি শপথ নিচ্ছি।’ এ সময় তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার অঙ্গীকার করেন।

সংসদীয় ওই অধিবেশনে নিকোলা মাদুরোর ছেলেও উপস্থিত ছিলেন। তিনি তার বাবা-মায়ের নিরাপদে ফিরে আসার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ডেলসি রদ্রিগেজ ও নিকোলা মাদুরোর সমর্থনে হাজারো মানুষ ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা ঘটনাটিকে ‘অবৈধ সশস্ত্র হামলা’ হিসেবে আখ্যায়িত করেন। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই অভিযানকে সমর্থন জানিয়ে বলেন, বিশ্বের বৃহত্তম জ্বালানি ভাণ্ডার কোনো ‘পলাতক অপরাধীর’ হাতে ছেড়ে দেওয়া যায় না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির শাসনব্যবস্থা ‘তত্ত্বাবধান’ করবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বাইরে গেলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।

তবে ডেলসি রদ্রিগেজ কিছুটা নমনীয় অবস্থান তুলে ধরে বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে ভেনেজুয়েলার উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে তিনি আগ্রহী।

উল্লেখ্য, গত শনিবার ভোরে কারাকাসে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। আটকের সাত ঘণ্টা পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর একটি ছবি প্রকাশ করেন, যেখানে তাকে চোখ বাঁধা ও হাতকড়া পরা অবস্থায় দেখা যায়।

আটকের পর মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে একটি বিশেষ আটককেন্দ্রে রাখা হয়। গত সোমবার তাকে ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে আবারও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। আদালত মামলার পরবর্তী শুনানির দিন হিসেবে ১৭ মার্চ নির্ধারণ করেছেন।

(ঢাকাটাইমস/০৬ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা