আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত জানেন? ৩২ জেলায় শৈত্যপ্রবাহ

দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে আজ বুধবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটিই এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেশের ৩২টি জেলায় শৈত্যপ্রবাহ চলছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে—২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রার মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা নেমে আসে ৭ দশমিক ০ ডিগ্রিতে। আজ নওগাঁয় তা আরও কমে ৬ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছেছে।
রাজধানী ঢাকায় আজ কুয়াশার পরিমাণ তুলনামূলক কম থাকলেও গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আবহাওয়াবিদরা জানান, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে একটি তীব্র শৈত্যপ্রবাহসহ মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












