প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি চলছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি চলছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।
এর আগে, প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। অপেক্ষমান রাখা হয়েছে চারটি।
শুনানিতে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়।
জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মন্ডলের দ্বৈবচয়নের ভোটারদের গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে, নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমানের এক শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে, পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ৩০ কোটি টাকা ঋণখেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে, সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ার বেগমের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় কোন স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
গত শনিবার প্রার্থিতা ফিরে পান ৫১ জন, আর রবিবার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়।
ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।
তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































