হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২৬
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, জানুন বাংলাদেশের অবস্থান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। হেনলি পাসপোর্ট ইনডেক্স–২০২৬ অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন।
সূচকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, শক্তিশালী পাসপোর্টের শীর্ষ তিনটি অবস্থানই এশিয়ার দেশগুলোর দখলে। সিঙ্গাপুরের পর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।
হেনলি সূচকের নিয়ম অনুযায়ী, একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়। সে হিসেবে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই যেতে পারেন।
চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে, যাদের স্কোর ১৮৫। পঞ্চম স্থানে অবস্থান করছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)—স্কোর ১৮৪।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০০৬ সালের পর থেকে দেশটি ১৪৯টি নতুন ভিসামুক্ত গন্তব্য যুক্ত করেছে এবং র্যাংকিংয়ে ৫৭ ধাপ এগিয়েছে।
সূচকের নিচের দিকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। তালিকার সর্বশেষে ১০১ নম্বরে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত যেতে পারেন। ১০০ নম্বরে সিরিয়া (২৬টি) এবং ৯৯ নম্বরে ইরাক (২৯টি) অবস্থান করছে।
এবারের সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নত হয়েছে। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০ নম্বরে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ও সূচকের প্রণেতা ক্রিশ্চিয়ান এইচ কেলিন বলেন, গত দুই দশকে বৈশ্বিক চলাচল বেড়েছে, তবে এর সুফল সমানভাবে বণ্টিত হয়নি। তার মতে, বর্তমানে পাসপোর্টের শক্তি সুযোগ, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠেছে।
উল্লেখ্য, লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (IATA)–এর তথ্যের ভিত্তিতে প্রতিবছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































