জাতীয় বেতন কমিশন থেকে পদত্যাগ করলেন মাকছুদুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাবির রেজিস্ট্রার ভবনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে নিজেই পদত্যাগের কথা জানান।
অধ্যাপক মাকছুদুর রহমান জানান, গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে মাননীয় অর্থ উপদেষ্টার মৌখিক নির্দেশনা এবং বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনার আলোকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটি চার সদস্যবিশিষ্ট সাবকমিটি গঠন করা হয়। এই সাবকমিটিকে তিনটি নির্দিষ্ট কার্যপরিধির আওতায় সুপারিশমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল।
তিনি বলেন, সাবকমিটি মোট ৩৩টি বাস্তবায়নযোগ্য ও ন্যায়সংগত প্রস্তাবনা তৈরি করে এবং ধাপে ধাপে এগুলো বাস্তবায়নের সুপারিশ করে। অধিকাংশ প্রস্তাবনায় বেতন-ভাতাকে কাজের মান ও পারফরম্যান্সের সঙ্গে সম্পৃক্ত করার সুস্পষ্ট নির্দেশনা অন্তর্ভুক্ত ছিল।
মাকছুদুর রহমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি সাবকমিটির প্রতিবেদনটি পৃথকভাবে কমিশনের পূর্ণাঙ্গ সভায় আলোচনার জন্য এজেন্ডাভুক্ত করার অনুরোধ করেছিলেন, তবে তা গ্রহণ করা হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, ৮ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত কমিশনের সর্বশেষ সভায় উপস্থাপিত চূড়ান্ত প্রতিবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফলে দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে তিনি মনে করেন। এই অবস্থায় কার্যকর অবদান রাখতে না পারায় পদত্যাগ করাকেই শ্রেয় মনে করেছেন তিনি।
সরকার গত ২৭ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে ২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অধ্যাপক মাকছুদুর রহমানকে খণ্ডকালীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












