প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ২৩:২৩| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২৩:৪৩
অ- অ+

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সোয়া নয়টা পর‌্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় পৌনে দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন তারেক রহমান পরিবার।

এ সময় দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আবহে কুশল বিনিময় হয়। দুই নেতা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধান উপদেষ্টা বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি শোক ও সমবেদনা জানান। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির চেয়ারম্যান। রাত ৯টা ১০ মিনিটে যমুনা থেকে বেরোয় তারেক রহমানকে বহনকারী গাড়িটি।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

দেশে ফেরার পর এবং দলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এই প্রথম সাক্ষাৎ তারেক রহমানের।

গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের এই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন।

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান।

গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে খালেদা জিয়ার জানাজায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়।

এর নয় দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিতে তাকে দলের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করা হয়।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
‘তথ্য ফাঁস করলে ইনস্পেক্টরকে ঝুলিয়ে দেব’, কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলের বক্তব্য ভাইরাল
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা