তারেক রহমানের সঙ্গে বিজেপি নেতাদের সাক্ষাৎ, মহাসচিবকে মূল্যায়নের আশ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতারা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে অংশ নেয়।
বৈঠকে তারেক রহমান ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে জোটসঙ্গী বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ আসন্ন নির্বাচনে জোটের স্বার্থে প্রার্থী না হওয়ার বিষয়টি আলোচিত হয় বলে জানা যায়। বিএনপি ক্ষমতায় গেলে তার এই ত্যাগ মূল্যায়ন করা হবে- এমন আশ্বাস দেওয়া হয়।
বৈঠক শেষে বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দুই নেতা ভবিষ্যতে এমন রাজনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দীর্ঘদিনের মিত্র বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে এই আসনটি ছেড়ে দিয়ে সেখানে দলের কোনো প্রার্থী দেয়নি বিএনপি। ঢাকা-৫ আসনে বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদকে সমর্থন দেওয়ার কথা শোনা গেলেও চূড়ান্ত প্রার্থী তালিকায় ওই আসনে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। বিজেপি মহাসচিব জাতীয় নির্বাচন অংশ নিতে মাঠে সক্রিয় থাকলেও বিএনপির সঙ্গে তার দল জোটবদ্ধ হওয়ায় শেষ পর্যন্ত সরে দাঁড়ান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































