বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সর্বনিম্ন কত?

২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে টিকিটের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রয় প্ল্যাটফরম টিকপিক।
টিকপিক জানিয়েছে, গড় টিকিটের মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোনো ক্রীড়া ইভেন্টের ইতিহাসে এটি সর্বোচ্চ গড় টিকিটমূল্য।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা। আর গড় টিকিটের মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ ডলারে (প্রায় ১৪ লাখ টাকা)। সর্বোচ্চ দামের একটি টিকিট বিক্রি হয়েছে ২৮ হাজার ৪৭৯ ডলারে, অর্থাৎ প্রায় ৩৫ লাখ টাকা।
টিকিটের এই নজিরবিহীন মূল্য বিশ্বকাপের ফাইনালকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টে পরিণত করেছে। বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে। যদিও আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে এই টিকিটের দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার।
দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর দাম কিছুটা কমলেও তা এখনো আকাশছোঁয়া। টিকপিকের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের তালিকায় এখন শীর্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল।
এরপর রয়েছে ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই (গড় মূল্য ৯,৪১১ ডলার), ২০২১ সালের সুপার বোল এলভি (৭,৩১৩ ডলার), ২০২০ সালের সুপার বোল এলআইভি (৬,৫৪৬ ডলার) এবং ২০২৬ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ (৬,৩০৮ ডলার)।
এদিকে, ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৯০০ ডলারে। ইংল্যান্ড সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ওই ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৩০০ ডলার কমে গেছে।
টিকিট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিটপিকের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফিফার ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে পরিণত হয়েছে। টুর্নামেন্টের শুরুতে গড় টিকিটের দাম ছিল ১ হাজার ৬২২ ডলার, যা সেমিফাইনাল পর্বে বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬২ ডলারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































