অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ২৩:৪৮
অ- অ+

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, দেশের বিভিন্ন স্থানের বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল বাহিনীটির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। তবে এসব প্রচারণায় বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে কোনো প্রভাব পড়েনি এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা আগের মতোই পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে বাহিনীটি জানায়, নাটোরের বাগাতিপাড়া ও ময়মনসিংহের গফরগাঁওসহ কয়েকটি স্থানের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। সদস্যদের বক্তব্য কাটছাঁট ও বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অপপ্রচার সত্ত্বেও মাঠপর্যায়ে আনসার সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বাহিনীটির প্রতি আস্থা আরও বেড়েছে বলে দাবি করা হয়।

আনসারের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের স্টেডিয়াম ও স্থাপনার দীর্ঘমেয়াদি নিরাপত্তার দায়িত্ব বাহিনীটির ওপর ন্যস্ত করেছে। এছাড়া একটি ভাইরাল পডকাস্টে বিসিবির পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জুলাই ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাখ্যাও দিয়েছে বাহিনীটি। তাদের দাবি, সংরক্ষিত স্থানে মোটরসাইকেল রাখতে নিষেধ করার পরও এক ব্যক্তি জোর করে সেখানে মোটরসাইকেল রেখে যান। পরে ফিরে এসে দায়িত্বরত আনসার সদস্যকে হুমকি দেন এবং নিজেকে হাসপাতালের কর্মী হিসেবে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তিনি আনসার সদস্যদের কাছে ক্ষমা চাইলে বিষয়টির নিষ্পত্তি হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৫০০ উপজেলায় ৫ হাজার আনসার সদস্য হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এ কারণে একটি অপরাধী চক্র ও স্বার্থান্বেষী মহল বাহিনীটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তাদের অভিযোগ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, হাসপাতাল, চিকিৎসক, সেবাগ্রহীতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে সব ধরনের অপপ্রচার মোকাবিলা করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা