১৯ বছর আগে কোলে নেওয়া স্পেনের সেই শিশু ইয়ামালই আজ মেসির প্রতিদ্বন্দ্বী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৪:১০| আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৪:৩৪
অ- অ+

বিশ্বকাপের ফাইনাল মানেই ইতিহাসের নতুন অধ্যায়। তবে ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ফুটবলপ্রেমীদের সামনে হাজির করেছে এক ব্যতিক্রমী গল্প। যেখানে মুখোমুখি হচ্ছেন দুই প্রজন্মের দুই তারকা—আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের উদীয়মান সেনসেশন লামিন ইয়ামাল।

একদিকে ৩৯ বছর বয়সী মেসি, যিনি খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে। অন্যদিকে সদ্য ১৯ বছরে পা রাখা ইয়ামাল, যার এটি প্রথম বিশ্বকাপ। দুই তারকার বয়সের ব্যবধান প্রায় ২০ বছর। আর সেই ব্যবধানের সবচেয়ে আলোচিত প্রতীক হয়ে আছে ২০০৭ সালের একটি ছবি।

সেই বছর বার্সেলোনা এবং স্প্যানিশ সংবাদপত্র স্পোর্টের উদ্যোগে ইউনিসেফের জন্য তহবিল সংগ্রহের একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে অংশ নিয়েছিলেন তরুণ মেসি। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। ফটোশুটে পাঁচ মাস বয়সী এক শিশুকে কোলে নিয়ে গোসল করানোর একটি ছবি তোলা হয়। সেই শিশুই ছিলেন বর্তমান স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।

বহু বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হলে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আর এখন, প্রায় দুই দশক পর, সেই ছবির দুই চরিত্র বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হতে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ইউনিসেফ ও একটি স্থানীয় কাতালান সংবাদপত্রের যৌথ উদ্যোগে আয়োজিত একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যায় মেসি ও ইয়ামালকে। বার্সেলোনার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ওই আয়োজনের অংশ হিসেবে একটি চ্যারিটি র‍্যাফেল বা লটারির মাধ্যমে ইয়ামালের পরিবার বিশেষ সুযোগটি লাভ করে।

তখন লামিন ইয়ামালের বয়স ছিল মাত্র পাঁচ থেকে ছয় মাস। অন্যদিকে লিওনেল মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ফটোশুটে একটি ছোট বাথটাবে শিশু ইয়ামালকে নিয়ে ছবি তোলেন মেসি। একপর্যায়ে তাকে কোলে নেওয়া এবং গোসল করানোর দৃশ্যও ক্যামেরাবন্দি করা হয়। পরবর্তীতে সেই ছবিগুলো ফুটবল বিশ্বের অন্যতম স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইয়ামালও বার্সেলোনার বিখ্যাত ফুটবল একাডেমি ‘লা মাসিয়া’-তে যোগ দেন। যে একাডেমি থেকে বেড়ে উঠেছিলেন মেসিও। সেখানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ধীরে ধীরে স্পেন ও বার্সেলোনার অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন এই তরুণ।

দুই বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে ইয়ামালের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পুরোনো ছবিগুলো প্রকাশ করলে বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। ফুটবলপ্রেমীরা বিস্ময়ের সঙ্গে দেখেন, একসময় মেসির কোলে থাকা সেই শিশুই আজ ইউরোপীয় ফুটবলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তারকাদের একজন।

ফুটবলের রূপকথার মতো এই গল্প এখন নতুন মাত্রা পেয়েছে। কারণ একসময় একই ফ্রেমে থাকা মেসি ও ইয়ামাল আজ বিশ্বমঞ্চে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন। আর তাদের সেই ঐতিহাসিক ছবিটি প্রজন্মের ব্যবধান পেরিয়ে ফুটবল ইতিহাসের এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।

এরই মধ্যে বার্সেলোনার কিংবদন্তি ১০ নম্বর জার্সির উত্তরাধিকারও পেয়েছেন ইয়ামাল। ২০২৫ সালের জুলাইয়ে ক্লাবটির ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি নিজের করে নেন তিনি। এই জার্সি পরে মেসি বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমের মধ্যে ১৩ মৌসুম খেলেছেন এবং ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ৬৭২ গোল করে কিংবদন্তির আসনে বসেছেন।

তবে চলতি বিশ্বকাপে ইয়ামাল খেলছেন ১৯ নম্বর জার্সি পরে। মজার বিষয় হলো, ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত নিজের প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১৯ নম্বর জার্সিই পরেছিলেন মেসি। তখনো পৃথিবীতে আসেননি ইয়ামাল।

চলতি বিশ্বকাপেও দুজনই গড়েছেন উল্লেখযোগ্য কীর্তি। স্পেনের হয়ে গোল করে ইয়ামাল বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় নিজের নাম তুলেছেন। এই অর্জনে তিনি মেসির চেয়েও কম বয়সে রেকর্ড গড়েছেন।

অন্যদিকে মেসি বিশ্বকাপের মঞ্চে নিজের অসাধারণ উত্তরাধিকার আরও সমৃদ্ধ করেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করার পর টুর্নামেন্টে তার অবদান আরও উজ্জ্বল হয়েছে। গোলের হিসাবেও তিনি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

আগামী রবিবারের ফাইনাল তাই শুধু আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াই নয়; এটি হবে ফুটবলের দুই প্রজন্মের প্রতীকী এক মুখোমুখি লড়াই। যেখানে একসময় কোলে নেওয়া শিশুই আজ বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়িয়েছেন তার শৈশবের সেই কিংবদন্তির বিপরীতে।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামের বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ফরিদপুরের স্বেচ্ছাসেবীদের রওনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন আটক, সেনাবাহিনীর কাছে হস্তান্তর
অনলাইন জুয়ায় কোটি টাকার কারবার, থাকতেন বিলাসবহুল রিসোর্টে, চড়তেন বিএমডব্লিউতে, অতঃপর ডিবির জালে চক্র
জুলাই আন্দোলনের ৫৯ মামলা তদন্ত করছে ডিবি, বিশ্লেষণ চলছে ৪০ জিবি তথ্য-উপাত্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা