ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় কাজ করা নাগরিক প্ল্যাটফর্ম ক্লাইমেট অ্যাকশন ফোরাম-এর নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত ১৭ সদস্যের জাতীয় কমিটিতে মো. আমিনুর রসুল সভাপতি এবং সাকিলা পারভীন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর হুমায়ন রোডে ‘লিডার্স’ কার্যালয়ে আগের কমিটির আহ্বায়ক আমিনুর রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় কমিটি গঠন করা হয়। জাতীয় কমিটির পাশাপাশি সাত সদস্যের নির্বাহী কমিটিও নির্বাচিত হয়।
নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন— সাধারণ সম্পাদক (সাচিবিক দায়িত্বে) মোহন কুমার মণ্ডল, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক রায়হান ফেরদৌস, যুব প্রতিনিধি শ্রুতি রানী দে এবং কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মীর মোহাম্মদ আলী ও খাদিজা খানম।
উপদেষ্টা কমিটিতে রয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এবং উন্নয়নকর্মী সৈয়দা শামীমা সুলতানা।
নবনির্বাচিত সভাপতি আমিনুর রসুল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ, বিশেষ করে উপকূলীয় অঞ্চল, ক্রমেই ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে। এ সংকট মোকাবিলায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রয়োজন। তিনি বলেন, নতুন কমিটি নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসির পাশাপাশি মাঠপর্যায়ে জলবায়ু-ঝুঁকিতে থাকা মানুষের অধিকার রক্ষা এবং টেকসই জলবায়ু নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণদের সম্পৃক্ত করে জলবায়ু অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায়ও তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিডার্সের অ্যাডভোকেসি অফিসার সাকিল আহমেদ। তিনি বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং সুপেয় পানির সংকট উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে।
তিনি এ সংকট মোকাবিলায় উপকূল উন্নয়ন বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ-ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, সুন্দরবন সংরক্ষণ, জেলে সম্প্রদায়ের সুরক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতকরণসহ ২১ দফা সুপারিশ তুলে ধরেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































