ইরানে সেতুসহ আবাসিক এলাকায় রাতভর হামলা, নিহত ৯

ইরানের বিভিন্ন স্থানে সেতু ও আবাসিক এলাকায় রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমোজগান প্রদেশে হামলায় অন্তত সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। বন্দর আব্বাস, বুশেহর ও আহভাজ শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭ জুলাই) আল জাজিরার বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স এসব তথ্য জানায়।
ফার্স জানায়, হরমোজগান প্রদেশের কেহভারস্তান সেতু এবং বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় প্রথমে দুইজন নিহত ও আটজন আহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া একই প্রদেশের বন্দর-ই খামির সেতুতে রাত ১১টার দিকে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাত। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির খবরে বলা হয়, কুয়েত থেকে ইরানের দিকে হিমার্স ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে একটি রেলওয়ে সাবস্টেশনে মার্কিন হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানায় আল জাজিরা।
আরানের আহভাজ শহরেও একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে খুজেস্তান প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে বলা হয়, আহভাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
(ঢাকাটাইমস/১৭জুলাই/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































