ইতিহাসের সর্বোচ্চ দাম থেকে বড় পতন, কোন পথে স্বর্ণের বাজার?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৮:৫৭
অ- অ+

ইতিহাসের সর্বোচ্চ দাম ছুঁয়ে টানা নিম্নমুখী অবস্থানে রয়েছে স্বর্ণের বাজার। কয়েক মাস আগেও রেকর্ড দামে পৌঁছানো স্বর্ণের মূল্য এখন ধারাবাহিকভাবে কমছে। এতে অনেকেই প্রশ্ন তুলছেন—এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়, নাকি আরও অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের সিদ্ধান্ত?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক লাখ টাকা ছাড়ায়। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি সেই দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে ভরিপ্রতি দুই লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছে।

এরপর থেকে এখন পর্যন্ত ৯১ দফা দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৪ বার দাম বাড়ানো হলেও ৪৬ বার কমানো হয়েছে। এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ফলে সর্বোচ্চ অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে দেশের স্বর্ণের দাম।

বিশ্ববাজারেও একই ধারা দেখা যাচ্ছে। জানুয়ারির শেষ দিকে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ পাঁচ হাজার ৩০৩ ডলারে উঠলেও গত সপ্তাহে তা নেমে এসেছে চার হাজার ২৩৫ ডলারে।

অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় মূল্যস্ফীতির চাপ বেড়েছে। একই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারও স্বর্ণের দামের ওপর বড় প্রভাব ফেলছে।

অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলেন, সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত মার্কিন ডলার ও বন্ডের দিকে ঝুঁকেন। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায় এবং দামের ওপর চাপ তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, স্বর্ণ দীর্ঘমেয়াদে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও স্বল্পমেয়াদি মুনাফার আশায় বিনিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা জরুরি।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম বলেন, স্বর্ণ শুধু অলংকার নয়, এটি দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখার অন্যতম নিরাপদ সম্পদ। তবে বাণিজ্যিকভাবে বিনিয়োগ করতে চাইলে বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়াই ভালো।

এদিকে মঙ্গলবার দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

দাম কমার এ ধারায় অনেক ক্রেতাই বাজারের দিকে নজর রাখছেন। তবে বিশ্লেষকদের পরামর্শ, স্বর্ণ কেনা বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আন্তর্জাতিক বাজার, ডলারের গতিপ্রকৃতি এবং সুদের হার—এই তিনটি বিষয় বিবেচনায় রাখা উচিত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮, সবচেয়ে বেশি ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রামে
ভারতে আত্মগোপনে ছিলেন ৪৫ বছর পলাতক মেজর মোজাফফর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা