বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ০২ ডলারে ওঠে।
বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি তেলের বাজারে পড়ছে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর নির্ভরশীল।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করতে পারে, যা তেলের দাম আরও বাড়িয়ে দিতে পারে। ফলে বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।
এদিকে, আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস সতর্ক করে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানিতে বাধা অব্যাহত থাকলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারেরও বেশি হতে পারে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি বৈশ্বিক অর্থনীতি, পরিবহন খাত এবং ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
(ঢাকাটাইমস/১৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































