শরীয়তপুর সদর
হাসপাতালে ভুয়া নার্স সেজে নবজাতক চুরির চেষ্টা, আনসারের হাতে আটক নারী

শরীয়তপুর সদর হাসপাতালে ভুয়া নার্স পরিচয়ে একটি কেবিনে ঢুকে নবজাতক চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। প্রসূতি পরিবারের সন্দেহ এবং দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটি নিরাপদে উদ্ধার হয়। পরে ওই নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনাটি ঘটে বুধবার (১৫ জুলাই) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের পুরোনো ভবনের ২০২১ নম্বর কেবিনে। আটক নারীর নাম শারমিন বেগম।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে সাদা অ্যাপ্রোন পরা শারমিন বেগম নিজেকে নার্স পরিচয় দিয়ে চিকিৎসাধীন এক প্রসূতির কেবিনে প্রবেশ করেন। তিনি মা ও নবজাতক ছাড়া অন্য সবাইকে কক্ষের বাইরে যেতে বলেন। এতে সন্দেহ হলে প্রসূতির স্বামী মিন্টু চৌকিদার তার পরিচয় জানতে চান। শারমিন নিজেকে নতুন যোগ দেওয়া নার্স বলে দাবি করলে দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়।
এ সময় পরিস্থিতি বুঝে ডিউটিরত আনসার সদস্য মো. কাওসার, আজিজুল হক এবং প্লাটুন কমান্ডার (পিসি) মুসলিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শারমিনকে আটক করেন। পরে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত একজন নার্স এসে নিশ্চিত করেন, শারমিন নামে কোনো নার্স সেখানে কর্মরত নন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নবজাতক শিশুটিকে চুরি করার উদ্দেশ্যেই ওই নারী নার্সের ছদ্মবেশে কেবিনে প্রবেশ করে অন্যদের বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক শারমিন বেগমকে পালং থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। শরীয়তপুরের এ ঘটনায় দায়িত্বরত সদস্যদের দ্রুত পদক্ষেপে একটি সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































