জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাঁটছে রাষ্ট্র: সাইফুল হক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৬:৫৮
অ- অ+

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু গত দুই বছরে রাষ্ট্র সেই স্বপ্নের উল্টো পথে হাঁটছে। তাঁর দাবি, এ সময়ে শোষণ-বৈষম্য, বেকারত্ব, চাকরিচ্যুতি ও দারিদ্র্য আরও বেড়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, আবু সাঈদসহ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোটারী স্বার্থে ব্যবহৃত হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাই গণঅভ্যুত্থানকেও কেউ কেউ বাণিজ্যে পরিণত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্তের ধীরগতির সমালোচনা করে সাইফুল হক বলেন, ৮৭ শতাংশ মামলার এখনো তদন্ত ও অভিযোগপত্র দাখিল হয়নি। বর্তমান গতিতে চললে এসব মামলার তদন্ত শেষ করতে কয়েক দশক লেগে যেতে পারে, যা বিচারপ্রার্থীদের জন্য অবিচারের শামিল।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি করেছে। হিংসা, বিভাজন, মব সংস্কৃতি, সাম্প্রদায়িকতা কিংবা জঙ্গিবাদী তৎপরতার মাধ্যমে সেই অর্জন নষ্ট হতে দেওয়া যাবে না।

এ সময় তিনি রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও দেশ ও জনগণের স্বার্থে সব গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি তাদের কিছু রাজনৈতিক অর্জন বিরোধীদের হাতে তুলে দিচ্ছে কি না—সে প্রশ্নও উত্থাপন করেন।

সমাবেশে দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, জুলাইয়ের শহীদদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করতে দেওয়া হবে না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হলে তাঁদের আত্মত্যাগের লক্ষ্য পূরণ হবে না।

দলের নেতা আকবর খান বলেন, শহীদরা কোনো ব্যক্তিগত স্বার্থে জীবন দেননি। তাঁদের আদর্শ ও চেতনাকে সামনে রেখেই দেশকে এগিয়ে নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম ও কেন্দ্রীয় সংগঠক কবি জামাল সিকদার।

সমাবেশ শেষে শহীদ আবু সাঈদ, ওয়াসিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ ছাড়া রংপুরে শহীদ আবু সাঈদের কবরেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বাধীন মিয়ার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা সেখানে শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহীদদের স্মরণ করে দলটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি
চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করলেন মেসি
যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা