আজ থেকে সফর মাস শুরু, আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট

দেশের আকাশে বুধবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হয়েছে। এ হিসাবে আগামী ১২ আগস্ট (বুধবার) পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস হলো সফর। ইসলামি পরিভাষায় এটি বছরের গুরুত্বপূর্ণ মাসগুলোর একটি। ‘সফর’ আরবি শব্দ, যার অর্থ খালি বা শূন্য। ইতিহাসবিদদের মতে, জাহেলি যুগে মহররম মাসে যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকলেও সফর মাসে আরবরা বিভিন্ন অভিযানে বের হয়ে যেত। ফলে তাদের ঘরবাড়ি খালি হয়ে পড়ত। এ থেকেই মাসটির নামকরণ ‘সফর’।
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্টির পর থেকে আল্লাহর নির্ধারিত মাসের সংখ্যা ১২টি, যার মধ্যে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ। ইসলামি শিক্ষায় সময়ের সঙ্গে অশুভ বা অকল্যাণের কোনো সম্পর্ক নেই; বরং মানুষের আমল ও বিশ্বাসের ওপরই কল্যাণ-অকল্যাণ নির্ভর করে।
ইসলামি চিন্তাবিদরা বলেন, সফর মাসকে ঘিরে সমাজে প্রচলিত নানা কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই। বরং এ মাসেও অন্যান্য মাসের মতো বেশি বেশি নফল ইবাদত, দোয়া, দান-সদকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আমলের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ হিসেবে পরিচিত। ফারসি শব্দ ‘আখেরি চাহার সোম্বা’র অর্থ শেষ চতুর্থ বুধবার। অনেক মুসলমান এ দিনকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অসুস্থতা থেকে সাময়িক সুস্থ হয়ে গোসল করার স্মৃতিবিজড়িত দিন হিসেবে পালন করে থাকেন।
ধর্মীয় বিশেষজ্ঞরা এ মাসে ফরজ, ওয়াজিব ও সুন্নত আমলের পাশাপাশি নফল ইবাদত, তাহাজ্জুদ, দান-সদকা এবং আইয়ামে বিজের (১৩, ১৪ ও ১৫ তারিখ) রোজা পালনের প্রতি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখারও উৎসাহ দেওয়া হয়েছে।
আল্লাহর সৃষ্টি প্রতিটি দিন, রাত, মাস ও বছরের মধ্যেই কল্যাণ ও বরকত নিহিত রয়েছে। তাই সফর মাসেও কুসংস্কার পরিহার করে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা উচিত।
(ঢাকাটাইমস/১৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































