সরকারি চাকরিতে বেতন-পেনশন-ভাতা কাঠামোয় আমূল পরিবর্তনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, ২০:১৯
অ- অ+

নবম জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন, পেনশন ও ভাতা কাঠামোয় ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে, যেখানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এদিন বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট কমিশন এই প্রতিবেদন উপস্থাপন করে।

এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি একটি মস্ত বড় কাজ। মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বোঝা যায়, এটি খুবই সৃজনশীলভাবে প্রস্তুত করা হয়েছে।

কমিশনপ্রধান জাকির আহমেদ খান জানান, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতায় সময়োপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে কমিশন কাজ করেছে।

গত ২৭ জুলাই ২০২৫ সালে সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। দীর্ঘ ১২ বছর পর গঠিত এই কমিশনের প্রতিবেদন দাখিলের শেষ সময় ছিল ১৪ ফেব্রুয়ারি ২০২৬। কমিশন নির্ধারিত বাজেটের মাত্র ১৮ শতাংশ ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করেছে।

কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় এক লাখ ৬ হাজার কোটি টাকা। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় এক লাখ ৩১ হাজার কোটি টাকা।

বেতন বৃদ্ধির পাশাপাশি কমিশন সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা প্রবর্তন, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন, সার্ভিস কমিশন গঠন, বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস এবং বিভিন্ন ভাতা পর্যালোচনার সুপারিশ করেছে। স্বাস্থ্য ও শিক্ষাখাতে মানবসম্পদ উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক ২ হাজার টাকা ভাতা প্রদানের সুপারিশ করা হয়েছে, সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে। পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদন দাখিলকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এই সুপারিশ বাস্তবায়নই এখন সরকারের পরবর্তী চ্যালেঞ্জ। এ লক্ষ্যে বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত