২৫ জানুয়ারি নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬
অ- অ+

প্রয়াত বেগম খালেদা জিয়ার পৈতৃক জেলা ফেনীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামীকাল ২৫ জানুয়ারি (রবিবার) দুপুর ২টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এই জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। বৃহত্তর নোয়াখালীর তিন জেলার ১৩টি আসনের বিএনপি প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। এর আগে সকালে চট্টগ্রামে বিএনপির আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, নানাবাড়ির জেলা ফেনীতে এটি তারেক রহমানের দ্বিতীয় সফর হলেও ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এটিই হবে তার প্রথম জনসভা। এর আগে ২০০১ সালে সরকার গঠনের পর জেলার ছাগলনাইয়ায় একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি এবং সেসময় বিএনপির একটি জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

ফেনীতে বিএনপির জনসভা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেটিই ছিল ওই নির্বাচনের শেষ জনসভা। নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়াবে—এমন গুঞ্জনের মধ্যেই ফেনীর মঞ্চ থেকে খালেদা জিয়া দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছিলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। পরবর্তীতে তার ঘোষণার প্রতিফলন ঘটে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এবং বিএনপি বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর নানা কারণে ফেনী সরকারি কলেজ মাঠে আর কোনো বড় জনসভা অনুষ্ঠিত হয়নি।

জনসভা ছাড়াও সফরের অংশ হিসেবে ২০২৪ সালের ৪ আগস্ট সরকার পতনের একদফা আন্দোলনে আওয়ামী লীগের হামলায় নিহত আটজনের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। তাদের অনেকের সঙ্গে তিনি আগেও সাক্ষাৎ করেছেন এবং পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এছাড়া ফেনীর শহরতলী পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারায় জুলাই শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের কবর জিয়ারত করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সফরের অংশ হিসেবে তিনি নানাবাড়ি ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে যেতে পারেন বলেও জানা গেছে। সেখানে মায়ের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের পাশাপাশি নিকটাত্মীয় ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সময়সাপেক্ষে ফেনীতে বিএনপির আয়োজনে একটি পথসভায় বক্তব্য দেওয়ার সম্ভাবনাও রয়েছে। জনসভা শেষে কুমিল্লায় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে চৌদ্দগ্রামে পথসভায় বক্তব্য দিতে পারেন তারেক রহমান।

এদিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা