ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল–২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছাড়ার কিছু দূর যাওয়ার পর দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছায়। এরপর কেবিন মাস্টারের কাছ থেকে সংকেত পেয়ে জংশন ছাড়ার পর প্রায় ১৫০ মিটার অগ্রসর হওয়ার সময় ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে।

এ ঘটনায় ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রেনটি লাইন থেকে সরানো সম্ভব হয়নি। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে। তবে কবে নাগাদ যোগাযোগ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4