নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, অনানুষ্ঠানিকভাবে খোঁজ রাখবে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:০৮
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। তবে নিজ উদ্যোগে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পরিস্থিতির খোঁজখবর রাখবে বলে জানিয়েছে দেশটি।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, মার্কিন পক্ষ জানিয়েছে—নির্বাচন উপলক্ষে তাদের কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল আসবে না। তবে যুক্তরাষ্ট্র থেকে একটি স্বাধীন দল আসতে পারে এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

তিনি বলেন, এটি কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষণ নয়। তারা নিজেদের মতো করে ভোটের পরিবেশ দেখবেন। নির্বাচন কমিশন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আখতার আহমেদ জানান, বৈঠকে মার্কিন প্রতিনিধিদল নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চায়। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে তাদের আগ্রহ ছিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং নমুনা ব্যালট তাদের দেখানো হয়েছে। পোস্টাল ব্যালট একটি জটিল ও কষ্টসাধ্য প্রক্রিয়া উল্লেখ করে মার্কিন প্রতিনিধিরা ইসির উদ্যোগের প্রশংসা করেছেন।

ইসি সচিব আরও বলেন, বৈঠকে নির্বাচনি আচরণবিধি বাস্তবায়ন, অভিযোগ ব্যবস্থাপনা ও ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে কমিশন জানায়, প্রায় সাড়ে নয় লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন। এতে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।

আখতার আহমেদ বলেন, মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং একটি সফল নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর শুরু আজ
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো নেদারল্যান্ডস
উনদাভের জোড়া গোলে আইভরিকোস্টকে ২-১ হারিয়ে নকআউট পর্বে জার্মানি
ভাইরাল বক্তব্যের পর পুলিশ সদর দপ্তরে রিপোর্টের নির্দেশ কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা