নির্বাচনে লেথাল উয়েপন ব্যবহার করতে চায় না: বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৩২
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় লেথাল উয়েপন ব্যবহার করতে চায় না বিজিবি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (৩১ জানুয়ারি) মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালন করা হবে। নির্বাচনের সময় লেথাল উয়েপন ব্যবহার এড়িয়ে চলার নীতিতে কাজ করবে বিজিবি।

কর্নেল এস এম আবুল এহসান জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় ঢাকা সেক্টরের অধীন ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা সেক্টরের আওতায় ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের ৫১টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে বিজিবি। এ জন্য ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে ১৩৪ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হবে এবং কে–৯ ডগ স্কোয়াড ইউনিট মাঠে থাকবে। ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে র‌্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার ইউনিট প্রস্তুত থাকবে।

নির্বাচনী নিরাপত্তায় স্বচ্ছতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি ও আধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল।

নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল দেবে, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসাবে এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাবে। বিজিবির আশা, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

(ঢাকাটাইমস/৩১ জানুয়ারি/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার
বিশ্ব বাবা দিবস আজ: ভালোবাসা, দায়িত্ব ও নির্ভরতার প্রতীক বাবার প্রতি শ্রদ্ধা
ঢাকাসহ দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর শুরু আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা