আমার দরজা সকলের জন্য খোলা: খাইরুল হাসান

গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খাইরুল হাসান বলেছেন, আমার কাছে যেতে বা দেখা করতে কোন নেতার মাধ্যমে যেতে হবে না সরাসরি আমার দরজা সকলের জন্য খোলা থাকবে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
খাইরুল হাসান বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি, আমার দরজা সকলের জন্য উন্মুক্ত,মানুষ পরিবর্তন চায়,আমি মনে করি আমাকে ভোট দিবে। হিন্দু, খৃষ্টান সম্প্রদায়ের লোক আমাকে ভোট দিবে বলে কথা দিচ্ছে। আমাদের কিছু সমর্থককে গুপ্ত হুমকি দিচ্ছে। হুমকির ব্যাপারে প্রশাসনকে বলা হয়েছে, তারা ব্যবস্থা নিবে বলে আশ্বস্ত করেছে। তরুণ ভোটার যারা আছে তারা জামায়াতে ইসলামীকে ভোট দিবে। তরুণরা নতুনভাবে বাংলাদেশকে দেখতে চায় । তরুণদের বিশ্বাস আছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি। তারা ন্যায় নীতি ইনসাফের দেশ চায়। ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমরা আশা করি তরুণ ভোটাররা জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
তিনি বলেন, সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমার প্রধান কাজ, আমি স্বাস্থ্য খাতে উন্নয়ন করার চেষ্টা করব। যুবকদের নিয়ে আমার পরিকল্পনা আছে, যুবকদের কিভাবে বেকারত্ব দূর করা যায় সেই বিষয়ে কাজ করব। আমি নির্বাচিত হতে পারলে গাজীপুর-৫ আসন মাদক মুক্ত করার চেষ্টা করব। কারণ মাদক একটি পরিবার, সমাজ দেশকে ধ্বংস করে দেয়।
তিনি আরও বলেন, এই এলাকার মধ্যে যদি নির্বাচিত হতে পারি সংগত কারণে জন আকাঙ্খাকে পূরণ করাই জনপ্রতিনিধির প্রধান কাজ। সে আকাঙ্খা রাস্তাঘাট বিদ্যুতায়ন মানুষের চলাচলের নিরাপত্তা মানুষের জীবন যাত্রা উন্নয়ন করা লেখা পড়ার পরিবেশ সৃষ্টি করা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা,আমার মূল লক্ষ্য। জামায়াতের এই নেতা বলেন, আমরা এইবার আশা করছি সেই বিশ্বাসটি মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলকে তারা ক্ষমতায় দেখতে চায় দাঁড়ি পাল্লার বিজয় তারা দেখতে চায়।
(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































