ইসির নোটিশ পেলেন তাহেরি, জানুন কী অভিযোগ

হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি আচরণ বিধিমালা পরিপন্থি কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে তাকে সতর্ক করা হয়।
আজ সোমবার সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচন কমিশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি মো. গিয়াস উদ্দিন ফেসবুকে ‘দ্যা স্পিচ’ নামের একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে। তাই নির্বাচন-পূর্ব সময়ে ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আচরণ বিধিমালার কোনো বিধি পুনরায় লঙ্ঘিত হলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে বলেও নোটিশে সতর্ক করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































