দাবি আদায় না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৭
অ- অ+

চট্টগ্রাম বন্দরে আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত শ্রমিক-কর্মচারীরা মেনে নেবেন না। বন্দরের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও সতর্ক করেন তিনি। এবারের কর্মসূচিতে বন্দরের বহির্নোঙরেও সব ধরনের কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সংগ্রাম পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে—নিউমুরিং কনটেইনার টার্মিনাল কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া, এ বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা, আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, ভবিষ্যতে কোনো আইনগত পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে প্রত্যাহার।

এর আগে একই দাবিতে কয়েক দিন ধরে বন্দর এলাকায় কর্মবিরতি ও অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। এতে বন্দরের জেটিতে পণ্য ওঠানামা কার্যত বন্ধ হয়ে যায়। বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজগুলো জেটিতে ভিড়তে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়, যা ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত রাখা হয়। তবে আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আবারও অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

(ঢাকাটাইমস/৭ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা