রমজানের ছুটি সমন্বয় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মাউশির চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৫
অ- অ+

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি সমন্বয়ের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ রবিবার অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজীর স্বাক্ষরিত একটি আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দাখিল করা হয়েছে। আবেদনে গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২০২ (অংশ)-৫০৭ অনুযায়ী বার্ষিক ছুটির তালিকায় পবিত্র মাহে রমজানে ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়।

আবেদনে বলা হয়, মাহে রমজানে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে সারাদিন রোজা পালনের পর সন্ধ্যায় তারাবিহ নামাজ আদায় করা আরও কঠিন হয়ে পড়ে।

এছাড়া আবেদনে উল্লেখ করা হয়, মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ—এই মোট আট দিনের সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির সঙ্গে গণনা করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আবেদনপত্রটি পরবর্তী কার্যার্থে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার