নির্বাচনের দিন গাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য যান চলাচলে বিধিনিষেধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।
এছাড়া, মোটরসাইকেল চলাচল ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকরা এ বিধিনিষেধের বাইরে থাকবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জরুরি সেবা, চিকিৎসা সরবরাহ, ওষুধ, প্রয়োজনীয় দ্রব্য এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলের অনুমতি পাবে। বিদেশগামী ও ফেরত যাত্রীদের ক্ষেত্রেও পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে চলাচলে কোনো বাধা থাকবে না।
প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও স্টিকার প্রদর্শনের শর্তে একটি করে ছোট যান—জিপ, কার বা মাইক্রোবাস—ব্যবহার করতে পারবেন। সাংবাদিক ও অনুমোদিত পর্যবেক্ষকরাও নির্দিষ্ট শর্তে যানবাহন বা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন এ বিধিনিষেধের আওতায় পড়বে না।
এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং গুরুত্বপূর্ণ আন্তঃজেলা বা মহানগরের সংযোগ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয়। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে এই বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখবেন।
(ঢাকাটাইমস/৯ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












