ঝুঁকিপূর্ণ ৩৭ কেন্দ্রে সাত পুলিশ

ঢাকায় উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ‘ইস্পাত কঠিন’ প্রস্তুতি ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭
অ- অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও পুলিশের পূর্ববর্তী নির্বাচনী অভিজ্ঞতার সমন্বয়ে রাজধানীতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পুলিশের মূল দায়িত্ব হবে—নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের ভেতরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোট গ্রহণ ও নির্বাচন–সংশ্লিষ্ট সামগ্রী পরিবহনে নিরাপত্তা দেওয়া, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা।

তিনি বলেন, রাজধানীতে মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। ঝুঁকি ও ভোটারের সংখ্যা বিবেচনায় কেন্দ্রগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে চারজন করে, ৫১৭টি সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

সংবেদনশীল কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে ৫১০টি মোবাইল টিম ও ১৮০টি স্ট্রাইকিং টিম। পাশাপাশি ঢাকা মহানগরীর আটটি বিভাগে আটটি কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান ও আর্মড পুলিশ মোতায়েন থাকবে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান ও চেকপোস্ট পরিচালনাও করা হবে।

তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ডিএমপির প্রায় ২৫ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে এসে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। অতীতের সব বিতর্ক ও কালিমা কাটিয়ে জাতিকে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

(ঢাকাটাইমস/৯ ফেব্রুয়ারি/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’, চীনের দক্ষিণাঞ্চলে উচ্চ সতর্কতা
ফ্রান্স-স্পেনে আগুনের বিভীষিকা, ঘরছাড়া ৩ লাখের বেশি মানুষ
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ
শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা