নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি প্রস্তুত, শপথের দিনক্ষণ চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজছে দেশজুড়ে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণ নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই অংশ হিসেবে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তর থেকে ইতোমধ্যে ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে যারা মন্ত্রিসভায় স্থান পাবেন, তাদের যাতায়াতের জন্য আগাম প্রস্তুতি হিসেবে এই গাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। তবে দায়িত্বশীল কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, ৫০টি গাড়ি প্রস্তুত রাখার অর্থ এই নয় যে ৫০ জন মন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে। সাধারণত মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য সংখ্যার চেয়ে কিছু বেশি গাড়ি প্রস্তুত রাখা হয় ব্যাকআপ হিসেবে।
গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন: "সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানানো হবে। পুরো প্রক্রিয়াটি ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই শুরু হতে পারে এবং আশা করা যাচ্ছে এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির বেশি দেরি হবে না।"
উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সরকারি আনুষ্ঠানিকতা শেষে নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় শুরু হবে।
(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































