নির্বাচনের আগে সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, ২০ হাজার এখনও হাতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে দেশজুড়ে ২৭,৯৯৫টি বৈধ বা লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা পড়েছে।
তবে ব্যক্তির নামে মোট ৪৮,২৮৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। এখনও ২০,২৮৮টি অস্ত্র জমা পড়েনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, জমা না হওয়া অস্ত্রের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্সপ্রাপ্ত। অনেক অস্ত্রের মালিক বিদেশে পালিয়ে গেছেন, আর দেশের ভেতরে অনেকে গা ঢাকা দিয়ে আছেন।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে, থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বাহারুল আলম বলেন, “যেকোনো অস্ত্রই থ্রেট। দেশে বিভিন্নভাবে অস্ত্র প্রবেশ করে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































