উৎসবের আমেজে দেশজুড়ে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভিড়

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে এসেছেন। এ নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হলেও সকাল ৭টা থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটের আগে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলেও সকালে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল মধ্যবয়সী ও বয়স্ক ভোটারদের। অনেকেই পরিবার-পরিজন নিয়ে সকালেই ভোটকেন্দ্রে হাজির হন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে প্রার্থীদের অস্থায়ী বুথ বসানো হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রের ভেতর ও বাইরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির যৌথ বাহিনী দায়িত্ব পালন করছে।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
এদিকে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ওই আসন বাদে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
ইসি সূত্র জানায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ রয়েছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন। এছাড়া নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।
শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে ভোটগ্রহণ শেষে দ্রুত ফলাফল ঘোষণার আশা করছেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












