ইস্কাটনে ভোট দিয়ে স্বচ্ছ নির্বাচনের আশ্বাস সিইসির

বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশন কারও পক্ষ হয়ে কাজ করছে না। দেশ এখন ‘গণতন্ত্রের ট্রেনে’ চড়েছে, যা ইনশাআল্লাহ তার গন্তব্যে পৌঁছাবে। জাতির জন্য এমন একটি বড় অবদান রাখতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন বলেও জানান। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ওপর জনআস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিইসি বলেন, গ্রামগঞ্জসহ সর্বত্র উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রস্তুতি সম্পন্ন করতে ইসি কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রম করেছেন।
নির্বাচনী কর্মকর্তাদের কঠোরভাবে নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা পক্ষপাতিত্ব করলে জবাবদিহি করতে হবে। মাঠ পর্যায় থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, কেন্দ্রের বাইরে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
সিইসি দেশবাসীকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ফলাফল নিশ্চিত করতে নির্বাচন কমিশন শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












