পুলিশ অ্যাসোসিয়েশনের শোক
কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ পরিদর্শক গাফফারের মৃত্যু

কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল গাফফার। তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
রবিবার সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় বলা হয়, রবিবার দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল গাফ্ফার। তাৎক্ষণিকভাবে তাকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় মাত্র ৪৫ বছর ১ মাস ১৪ দিন বয়সে দায়িত্ব পালনরত অবস্থায় একজন অভিজ্ঞ কর্মকর্তার এমন চলে যাওয়া সহকর্মীদের জন্য গভীর বেদনার বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












