শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। আজ সোমবার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালদ্বীপসহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সূচি অনুযায়ী, সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। এরপর বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া অন্যান্য দেশের তালিকায় রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
সংশ্লিষ্টদের মতে, বিদেশি রাষ্ট্রপ্রধানদের এই ব্যাপক উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন সরকারের প্রতি জোরালো আস্থারই বহিঃপ্রকাশ। বিশেষ করে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ২০২৩ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই আঞ্চলিক সহযোগিতা জোরদারে কাজ করছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































