রমজান সামনে রেখে বিপণি বিতান ও ব্যবসায়ীদের সঙ্গে ডিএমপির সমন্বয় সভা

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। সভায় ঢাকা মহানগরীর বিভিন্ন শপিংমল ও বিপণি বিতানের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, রমজান মাসে ক্রেতাদের চাপ বেড়ে যাওয়ায় সড়কে যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। যাতে সড়কে অযথা যানজট সৃষ্টি না হয় এবং পথচারীরা ফুটপাত ব্যবহার করে নির্বিঘ্নে চলাচল করতে পারেন—সেজন্য ব্যবসায়ী ও বিপণি কর্তৃপক্ষকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিটি শপিংমলের সামনে ও আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনেরও পরামর্শ দেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, রাজধানীর অন্যতম বড় সমস্যা যানজট। রমজানে তা নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের পাশাপাশি ক্রাইম বিভাগের সদস্যদেরও সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে জানিয়ে তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন। সবার আন্তরিক সহযোগিতায় রমজান মাস শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমন্বয় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































