মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়

জাকারিয়া তাহের ও আহম্মদ সোহেল মঞ্জু আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। তিনি নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।
সভায় মন্ত্রণালয়ের মিশন-ভিশন, জনবল কাঠামো ও কর্মপরিধি সম্পর্কে উপস্থাপনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মন্ত্রণালয়ের সম্ভাব্য কর্মপরিকল্পনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী জাকারিয়া তাহের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইন ও বিধিমালার মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, অতিরিক্ত সচিব আব্দুল মতিন ও মো. সারোয়ার আলম, প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভুইয়াসহ মন্ত্রণালয় ও অধীন সংস্থার কর্মকর্তারা।
মতবিনিময় সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তাঁরা সকলের সহযোগিতায় আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












