ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা, গণতান্ত্রিক উত্তরণের আহ্বান সাইফুল হকের

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শুক্রবার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার-এ এই কর্মসূচি পালন করা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা মহানগর কমিটির সদস্য বাবর চৌধুরী, সালাউদ্দিন, জোনায়েদ হোসেন, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম আরিফ, জুবরান আলী জুয়েল, চুন্নু সিকদার, নান্টু দাসসহ অন্য নেতারা।
শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরি করে দিয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও ভাষা শহীদদের স্বপ্নের সাম্যভিত্তিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা নষ্ট হতে দেওয়া যাবে না। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে এই গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে।
একই সঙ্গে তিনি সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































