দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
অভিযোগ করে ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছে।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ববি হাজ্জাজ আরও বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












