ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম পুনরায় রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তিনি দুই বছরের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর প্রেস সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ পান। সে সময় তাকে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তাকে সরিয়ে দেয়। নতুন করে আবারও তিনি একই পদে নিয়োগ পেলেন।
সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সচিব (জনসংযোগ) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পরিচালক (যুগ্ম-সচিব) পদে থাকা অবস্থায় তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












