মার্চে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রির ঘরে, বজ্র-শিলাবৃষ্টির পূর্বাভাস

মার্চ মাসে দেশে এক থেকে দু’টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চ মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। মাসের শেষভাগে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এ ছাড়া মার্চে দেশে ২ থেকে ৩ দিন হালকা থেকে মাঝারি বজ্র ও শিলাবৃষ্টিসহ আবহাওয়া বিরূপ থাকতে পারে। পাশাপাশি অন্তত দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।
এদিকে মার্চে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.০ থেকে ৫.০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৭.৫ থেকে ৯.৫ ঘণ্টা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
(ঢাকাটাইমস/২ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












