মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতি চেষ্টা, আটক ১

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) প্রকল্পে সশস্ত্র ডাকাতচক্রের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্র জানায়, দিবাগত রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে প্রকল্পের ‘মুগডেইল পোস্ট’-এ দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে কয়েকজনকে চ্যালেঞ্জ করেন। এ সময় প্রায় ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র—রামদা, ছুরি ও লাঠিসোটা—নিয়ে অতর্কিত হামলার চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মো. আশিকুর রহমান তার শর্টগান থেকে দুই রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা গুলি ছোড়েন। আকস্মিক প্রতিরোধে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে নিকটবর্তী নৌবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান শুরু করে এবং ধাওয়া করে শহিদুল্লাহ (৪০) নামে ডাকাতচক্রের এক সদস্যকে আটক করা হয়। তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মগডেইল গ্রামের বাসিন্দা। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে আনসারের পক্ষ থেকে।
আনসার সদর দপ্তর জানায়, বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, পেশাদারিত্ব ও সাহসিকতার ফলে একটি সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কৌশলগত স্থাপনার নিরাপত্তায় ভবিষ্যতেও বাহিনীর প্রস্তুতি অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































