কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৬, ১৭:৫৬
অ- অ+

নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নেতৃত্বে পরিবর্তনের ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশনেও (দুদক) পরিবর্তনের সূচনা হয়েছে। পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদও উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবদুল মোমেন বলেন, পদত্যাগের পেছনে বিশেষ কোনো কারণ নেই। নতুন সরকারের নিজস্ব প্রত্যাশা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য তাঁদের চেয়ে অধিকতর যোগ্য ব্যক্তিদের প্রয়োজন হতে পারে—এমন ভাবনা থেকেই তাঁরা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সরকার পরিবর্তনের পর এটিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি রাজনৈতিক সরকার তার নিজস্ব অঙ্গীকার ও পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চাইবে—এতে অস্বাভাবিক কিছু নেই। তাঁর ভাষ্য, কমিশনের কাজ আরও গতিশীল ও ফলপ্রসূ করতে নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হওয়া প্রয়োজন বলেই তাঁরা মনে করেছেন।

অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক সচিব মোহাম্মদ আবদুল মোমেন। একই সময়ে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্‌সান ফরিদ।

দায়িত্ব পালনে সাধ্যমতো চেষ্টা করেছেন দাবি করে মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘যার সাক্ষী আপনারাই।’ নিজেদের কাজের মূল্যায়নের দায়িত্ব জনগণের ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, তাঁরা কতটা সফল হয়েছেন, তা জনগণই বিচার করবেন।

গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নীলফামারীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
মহাখালী টার্মিনালের যানজট নিরসনে মালিক-শ্রমিকদের সহযোগিতা চাইল ডিএমপি
দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান এমপি গাজী নজরুল, মরিয়মের মৃত্যুর আগে যা ঘটেছিল
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই