মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে নিজেদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট স্থগিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি ও শারজা (সংযুক্ত আরব আমিরাত), দাম্মাম (সৌদি আরব), দোহা (কাতার) এবং কুয়েত সিটি।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।
আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধপরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথে উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। তাই যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৭ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












