পূবাইলের কোনো সড়ক বাতিহীন থাকবে না: গাজীপুর সিটি প্রশাসক

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেছেন, নগরবাসীর জন্য দ্রুত ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রশাসন বদ্ধপরিকর। একই সঙ্গে তিনি বলেছেন, পূবাইলের কোনো সড়ক বাতিহীন থাকবে না, সব সড়কে বাতি স্থাপন করা হবে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশনের জোন-২ এর পূবাইল এলাকায় ব্রিক ড্রেনসহ সিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রশাসক।
দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন জানিয়ে শওকত হোসেন সরকার বলেন, সড়ক উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।
সিটি করপোরেশনের প্রশাসক জানান, পূবাইলের সব সড়ক আলোকিত হবে। যেসব এলাকায় স্ট্রিট লাইট নষ্ট হয়ে গেছে সেগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। আর যেখানে এখনো লাইট স্থাপন করা হয়নি সেসব এলাকায় নতুন করে লাইট স্থাপন করা হবে।
মশা নিয়ন্ত্রণে প্রতিটি জোনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত স্প্রে কার্যক্রম পরিচালনার কথাও জানান শওকত হোসেন সরকার।
এ সময় প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় থাকা ১৯টি খাল পর্যায়ক্রমে খনন করে প্রবাহমান রাখার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এতে জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননও হ্রাস পাবে।
নাগরিক সেবার ক্ষেত্রে কোনো ধীরগতি যেন না থাকে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগরবাসীকে দ্রুত সেবা দিতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে নির্মাণকাজটি করছে ডিজিকম এলায়েন্স ইন্টারন্যাশনাল।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, পূবাইল জোনাল অফিসের ইঞ্জিনিয়ার আমান, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
(ঢাকাটাইমস/১০মার্চ/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












