পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৬, ১৮:৩৭
অ- অ+

আগামী পহেলা বৈশাখ-এ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন তিনি টাঙ্গাইল সদর উপজেলা-এ কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করবেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

জানা গেছে, প্রাথমিকভাবে টাঙ্গাইল সদরসহ দেশের ১১টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের এই কার্ড দেওয়া হবে। এটি একটি ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। বিশেষ করে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ের জন্য বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কেনা যাবে।

টাঙ্গাইলের বাইরে আরও যেসব উপজেলায় এই কার্যক্রম চালু হবে, সেগুলো হলো পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ ও মৌলভীবাজারের জুড়ী।

বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, কৃষক কার্ড চালু হলে কৃষকদের একটি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক পরিচয় নিশ্চিত হবে। পাশাপাশি ভর্তুকি, ঋণ সুবিধা এবং কৃষি উপকরণ বিতরণ আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭  
কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম