সারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, শিলাবৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া বুলেটিনে বলা হয়, দেশের ৬১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৮টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া নেত্রকোনায় ২৫ মিলিমিটার, দিনাজপুরে ১৬ মিলিমিটার এবং ময়মনসিংহে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বেশ কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দুয়েক স্থানে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











