সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, ১৬:৩০
অ- অ+

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহতের ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়ীদের শনাক্ত করতে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

কাজী আরিফ বিল্লাহ বলেন, বুধবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, ওই দিন সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা-ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া–৫’ এবং ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট–৩’ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে, সদস্য সচিব সহকারী সচিব মো. মেহেদী হাসান। কমিটির অন্য সদস্যরা হলেন নৌ পুলিশ (ঢাকা অঞ্চল) পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মোহাম্মদ এহতেছানুল হক ফকির এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করে দায়ীদের চিহ্নিত করতে হবে।

তদন্ত শেষে বিস্তারিত সুপারিশসহ প্রতিবেদন তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষর করেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতেই এ দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭  
কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম