ঈদ আনন্দ মিছিলে অংশ নিয়েছে নারী-শিশুরাও

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে সকাল ১০টায় শুরু হয় ঈদ আনন্দ মিছিল।
জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মিছিলে হাজারো মানুষ অংশ নেন। এতে শিশু, নারীসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঈদ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবেই এই বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকে ঘিরে হাইকোর্ট প্রাঙ্গণে সকাল থেকেই মুসল্লি ও দর্শনার্থীদের ভিড় জমে। এতে আকর্ষণ হিসেবে রাখা হয় সজ্জিত হাতি-ঘোড়া এবং বাজানো হয় ঢোল-তবলা।
মিছিলটি হাইকোর্ট এলাকা থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে গিয়ে শেষ হয়।
ঈদ আনন্দ মিছিল উদযাপন কমিটি-২০২৬ এ আয়োজন করে। এতে নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













