'অভাব বাড়ি যেতে দেয়নি, ঈদের দিনও রাস্তায় রাখছে'

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৬, ১৫:০২
অ- অ+

আনন্দ-উল্লাসে মুখরিত নগরজীবন, চারদিকে ঈদের উৎসবের আমেজ। কিন্তু এই উচ্ছ্বাস সবার জীবনে সমানভাবে ধরা দেয় না। কারও কারও কাছে ঈদের দিনটিও অন্য দিনের মতোই, শ্রম আর ঘামে ভেজা আরেকটি দিন।

যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগ বাসস্ট্যান্ডে দেখা মেলে আবদাল মিয়ার সঙ্গে। পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে। স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধা মাকে নিয়েই তার পরিবার। সবাই থাকে গ্রামে। আর তিনি একা ঢাকায়।

ঈদের দিন বাড়ি না গিয়ে রাস্তায় থাকার কারণ জানতে চাইলে আবদাল বলেন,“অভাব বাড়ি যেতে দেয়নি। ঈদের দিনও রাস্তায় রাখছে। ঢাকা একাই থাকি।ঘরে বসে কী করবো? কাজ করতেছি, দিনটা কেটে যাবে।”

কথাগুলো বলতে বলতেই তার কণ্ঠ ভারী হয়ে আসে। কিছুক্ষণ থেমে নিজেকে সামলে আবার বলেন,“আমার এক মেয়ে, এক ছেলে। বাবা নাই, মা আছে। সকালে বের হয়েছি, বিকাল পাঁচটা পর্যন্ত গাড়ি চালাবো। ঈদের এক সপ্তাহ-দশ দিন পর হয়তো বাড়ি যাইতে পারবো।”

সকালে বাড়িতে ফোনে কথা হয়েছে, এই প্রসঙ্গ উঠতেই আবেগ আর ধরে রাখতে পারেন না তিনি। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা। কথা থেমে যায়।

প্রায় ৫৫ বছর বয়সী এই মানুষটির কাঁধে হাত রাখতেই চাপা কান্নায় কেঁপে ওঠে তার শরীর। যেন দীর্ঘদিন জমে থাকা আবেগের বাঁধ ভেঙে গেছে। বারবার মাস্ক সরিয়ে চোখ মুছতে থাকেন তিনি।

ঠিক তখনই একজন যাত্রী এসে দাঁড়ান। আবদাল আবার তার অটোরিকশা চালিয়ে এগিয়ে যান। কিন্তু স্পষ্ট বোঝা যায়, মাস্কের আড়ালে লুকিয়ে আছে এক বাবার, এক স্বামীর, এক সন্তানের না বলা কান্না।

অন্যদিকে, গুলিস্তান-চিটাগাং রোড রুটে শ্রাবণ পরিবহনের সহকারী সাদ্দাম মিয়া। স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকাতেই থাকেন। তার কণ্ঠেও একই সুর, “আমাগো আবার ঈদ কী! সংসার চালাইতে হইবো, বাঁচতে হইবো।”

সিএনজিচালিত অটোরিকশা চালান মীরহাজীরবাগের শফিকুল ইসলাম। তিনি বলেন, আমার বাড়ি ঠাকুরগাঁও। পরিবারের সবাই সেখানেই থাকে। ঈদের সময় বাড়ি গেলে অনেক ভাড়া, কষ্টও বেশি। বাড়িতে নতুন পোশাক কেনার টাকা-পয়সা পাঠিয়ে দিয়েছি। সবাই বাড়িতে, আমি ঢাকায়, মনটা তো একটু খারাপ লাগছেই। তারপরও কী আর করার। ঈদের কিছুদিন পর বাড়ি যাবো।উৎসবের দিনে যখন শহর ভরে ওঠে আনন্দে, তখন এই মানুষগুলোর জীবন যেন অন্য এক বাস্তবতার গল্প বলে। যেখানে ঈদ মানে শুধু আরেকটা দিন, আরেকটা সংগ্রাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭  
কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম